প্রধানমন্ত্রী পদ হারানোর পরে এবার দুর্নীতির মামলায় তদন্তের মুখোমুখি হচ্ছেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন উপহার হিসেবে পাওয়া একটি নেকলেস ১৮ কোটি রুপিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সিকে বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষিত রাষ্ট্রটির আইন অনুযায়ী, সরকারি পদে থাকাকালীন উপহার হিসেবে পাওয়া সব জিনিস সরকারি কোষাগারে জমা করতে হয়। কিন্তু ইমরান সে নিয়ম অমান্য করেছেন বলে অভিযোগ উঠেছে। ইমরান ওই নেকলেসটি তার বিশেষ সহায়ক জুলফিকার বুখারির মাধ্যমে লাহরের এক গয়না বিক্রেতার কাছে বিক্রি করে দেন।
যদিও দেশটির কোনো সরকারি বা সাংবিধানিক পদাধিকারী উপহার নিজের কাছে রাখতে চাইলে সেটির বাজারমূল্যের অর্ধেক সরকারি কোষাগারে জমা করতে হয়। এ ক্ষেত্রে ইমরান নেকলেসের মূল্য অনেক কম দেখিয়ে মাত্র কয়েক হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৩ সালের আগস্টে। কিন্তু এর আগেই পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হয় প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও ঘটেছে মেয়াদ পূর্ণ করার আগেই।
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নিলেন। দেশটির কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার শুনানি হতে পারে। রাজনীতির লড়াইয়ে গ্রেফতারও হতে পারেন পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন